হাসনাত আব্দুল্লাহ
’ভোট জালিয়াতির ভিডিও ঠেকাতেই ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে’
ভোট জালিয়াতির দৃশ্য যেন কেউ ভিডিও করতে না পারে, সে উদ্দেশ্যেই নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের সুযোগও বন্ধ হয়ে যাবে, যা একটি হঠকারী সিদ্ধান্ত।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর ফলে কোনো বিপদ ঘটলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই মোবাইল ছাড়া ভোট দিতে কেন্দ্রে যেতে আগ্রহ হারাতে পারেন।”
তিনি আরও বলেন, সিসি ক্যামেরা থাকলেও তা অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র ধারণ করতে পারে, স্থায়ী ক্যামেরা দিয়ে তা সম্ভব নয়। ব্যক্তিগত মোবাইল ফোন কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তার অভিযোগ, “সম্ভাব্য জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সেজন্যই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ভোট চুরির সুযোগ তৈরি করছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।”
এ বিষয়ে পরে যোগাযোগ করা হলে হাসনাত আব্দুল্লাহ পুনরায় বলেন, ভোট জালিয়াতির প্রমাণ ভিডিও আকারে বাইরে আসা ঠেকাতেই নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments