বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, "আমরা মনে করি না এখনই তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষকে গুম করেছে। গুম হওয়া সবাই এখনো ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ কীভাবে এখনই রাজনীতিতে চলে আসবে?"
তিনি আরও বলেন, "এত কিছুর পরও আওয়ামী লীগ এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, তাদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই। যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম-খুন ও পঙ্গু করল এবং একটি প্রজন্মের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তাদের কোনো অনুশোচনা দেখা গেল না। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা হবে অন্যায্য ও জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধ কারো করা উচিত হবে না।"
সরকারের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোকপাত করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। সরকার এই জায়গাটি যত ভালোভাবে সামাল দিবে, বাংলাদেশ ততো সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভেতরে অবশ্যই সরকারকে সহযোগিতা করছি যেখানে সহযোগিতা দরকার, আর যেখানে বিরোধিতা করা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছি।
জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট প্রসঙ্গে তিনি বলেন, "এখনো আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই একে অপমান করতে দেওয়া হবে না।"
সংসদে বিরোধীদলের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এক সময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, একে অন্যের দিকে তেড়ে গেছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সেই পার্লামেন্ট চাই না। আমরা একটি সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকেই বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক এবং এটি আমরা অব্যাহত রাখব। কোনো উস্কানিতেই আমরা এই অবস্থান থেকে সরে আসব না।"
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রোকন সম্মেলনে যোগ দেন। দুপুরে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় ও বিশ্রাম শেষে বিকাল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
মানবকণ্ঠ/ডিআর




Comments