বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।
তিনি জানান, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ওই নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
তফশিল অনুযায়ী, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা।
ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
এসএস




Comments