বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, “বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না। বিএনপি আকাশ থেকে হঠাৎ করে আসেনি, মাটি থেকেও বের হয়নি; তিলে তিলে গড়ে ওঠা একটি জনবান্ধব রাজনৈতিক সংগঠন হলো বিএনপি।”
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়িবহরে ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এই সভার আয়োজন করে।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “যারা ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ঘটনার সঠিক তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ প্রকৃত অপরাধীদের ধরছে কি না, সেটিও আমাদের তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ সঠিকভাবে কাজ না করলে আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হব।”
ভিপি আয়নুল হকের ওপর হামলাকে রায়গঞ্জ-তাড়াশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার এই এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ ব্যাপক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভিপি আয়নুল হককে প্রয়োজন। যারা তাকে আক্রমণ করেছে, তারা মূলত এই অঞ্চলের উন্নয়নকেই বাধাগ্রস্ত করতে চায়।”
জনসাধারণের নিরাপত্তার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “একজন এমপির গাড়িতে যখন হামলা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তিনি যে দলেরই হোক না কেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। মিথ্যা কথা বলে বা ‘বেহেশতের টিকিট’ দেওয়ার নাম করে বিএনপি ক্ষমতায় আসেনি।”
রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. তানভীর মাহমুদ পলাশ, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, সদস্য মো. রাহিত মান্নান লেনিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিবাদ সভায় রায়গঞ্জ উপজেলা, সলঙ্গা থানা ও রায়গঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডিআর




Comments