গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে জাতীয় ঐক্য কোনোভাবেই ভাঙা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলনের ফল হিসেবে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। এই সরকারকে বাধাগ্রস্ত করতে পার্শ্ববর্তী দেশের একজন সাবেক নেত্রী বিভিন্নভাবে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে দুদু বলেন, এ সময়ে দেশের মানুষ অনেক কিছু পেয়েছে। সামনে আরও অনেক কিছু পাওয়ার সুযোগ রয়েছে। কৃষকদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের কাজও চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সন্ত্রাস কোনোভাবেই বরদাশত করা হবে না। দু-একটি ঘটনা ঘটলেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, একটি মহল দ্রব্যমূল্য নিয়ে কারসাজির চেষ্টা করছে। সরকারের বিষয়টি জানা আছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার প্রসঙ্গে দুদু বলেন, অতীতে তিনি অনেক অপকর্ম করেছেন। এখন গণতন্ত্রের পক্ষে কাজ করে অতীতের কিছু ভুল সংশোধনের সুযোগ রয়েছে। তা না হলে ভবিষ্যতে তাকে ও তার দলকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
তিনি বলেন, বিএনপিসহ জনতার অধিকার পার্টির অনেক নেতাকর্মী গণতন্ত্রের পক্ষে কথা বলায় নির্যাতনের শিকার হয়েছেন। এখন দেশে সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দুদু আরও বলেন, বিভিন্ন বিষয়ে ভিন্নমত ও সমালোচনা থাকবেই। গণতন্ত্রে আলোচনা-সমালোচনার সুযোগ রয়েছে। তবে কোনোভাবেই ঐক্য নষ্ট করা যাবে না।
আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূল ভিত্তি। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এসএস




Comments