প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। বিদিশা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী।
বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের ‘অ্যারাবিকা’ রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি দাউদ হোসেন জানান, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের এই রায় ঘোষণা করেন।
ডিআর




Comments