Image description

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই কর্মসূচি পালন করা হয়।

বটতলী দরবার শরীফের আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঘাইছড়ি শাখার সহযোগিতায় সকাল ৮টায় বটতলী দরবার শরীফ থেকে একটি বিশালাকার র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে এক বিশাল আলোচনা সভায় মিলিত হয়।

বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী। সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী এবং বাঘাইছড়ি গাউছিয়া কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হক নুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কেবল আনন্দের দিন নয়, বরং এটি বিশ্বমানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করেই পৃথিবীতে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। নবীর জীবনাদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে প্রয়োগ করার মাধ্যমেই প্রকৃত সার্থকতা নিহিত।"

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

ডিআর