Image description

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লাসহ সারা দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ভুগছে। সরকার জনগণের সাথে প্রতারণা করছে। আমরা জনগণের এই মৌলিক সমস্যাগুলো সমাধানের দাবিতেই রাজপথে নেমেছি।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “১৯৯৪ সালে কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল, কিন্তু দীর্ঘ সময়েও তা বাস্তবায়িত হয়নি। আমি সরকারকে বলছি, অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নিন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করে জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করুন।”

সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া কোনো প্রতিশ্রুতিই সরকার রক্ষা করেনি। কুমিল্লায় এখনো চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি চলছে। দেশের যুবসমাজ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকা থেকেও মাদকের চালান বন্ধ হচ্ছে না। যুবসমাজ ও দেশকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লংমার্চের এই পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা সিন্ডিকেট ও দুর্নীতি দমনে কোনো কাজ করতে পারেনি। আমরা শীঘ্রই ঢাকায় বিশাল লংমার্চের ডাক দেবো।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ এখন চাঁদাবাজি ও খুন-রাহাজানির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, সরকার জনরায় উপেক্ষা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এবং গণভোটের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য করবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চের বহরটি রওনা হয়। ফেনীর মহীপাল ও মীরের সরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

ডিআর