Image description

মাগুরার শালিখা উপজেলায় অসহায় ও আত্ম-কর্মসংস্থানে আগ্রহী নারীদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় ঐক্য, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় শালিখা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে অসহায় নারীদের স্বাবলম্বী হতে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। এ সময় ভূমি কর্মকর্তা সাব্বির হাসান, মুন্সী শহিদুর রহমান বি এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুন্সি কামরুজ্জামান নবাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী নারীদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কি না এবং তাদের কোনো সমস্যা রয়েছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষার পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া পরিবেশ রক্ষায় উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন নিতাই রায় চৌধুরী। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে শালিখা উপজেলায় বিএনপির আয়োজনে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরে কোনো ধরনের বিভাজন রাখা যাবে না। ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থানের কথাও জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, হামলা-মামলার শিকার হওয়া এবং দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনা করা হবে। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সরকারিভাবে যাচাই-বাছাই টিমের মাধ্যমে তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হবে। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের ফলাফলের ভিত্তিতে দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শালিখার রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির কাছে প্রশ্ন করেন। এ সময় মশিয়ার রহমানের মৃত্যুর ঘটনাও আলোচনায় আসে। কয়েকজন নেতাকর্মী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথের সময় মশিয়ার রহমান ‘ক্রসফায়ারে’ নিহত হন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নেতাকর্মীদের এসব দাবির বিষয়ে সভায় আলোচনা হয় এবং অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসএ