Image description

বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট নিয়ে কথা বললেই সরকার ‘স্বৈরাচার ফিরে আসবে’ বলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভায় তিনি এই কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের মারাত্মক সংকটে আজ দেশের শিল্প খাত অচল হতে বসেছে। বিজিএমইএ নেতৃবৃন্দ জানিয়েছেন, পর্যাপ্ত বিদ্যুতের অভাবে তৈরি পোশাক খাতের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে গেছে। আমরা সংসদে এই সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি যৌথ টিম গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কোনো কথা না শুনে দায়জ্ঞানহীন বক্তব্য দিয়ে তা উড়িয়ে দিয়েছে। সংসদে কথা বলতে না পেরেই আজ আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি।”

​তিনি আরও বলেন, চব্বিশের বিপ্লবের পর দেশের মানুষ আমূল সংস্কারের পক্ষে গণভোটে ৬৮.২ শতাংশ 'হ্যাঁ' ভোট দিয়েছিল। কিন্তু সরকার ক্ষমতায় এসেই জনগণের সেই রায়ের সাথে বরখেলাপ করেছে। বগুড়ার অবহেলিত অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, "বগুড়া সবসময় বঞ্চিত। বগুড়া যেন তার ন্যায্য পাওনা বুঝে পায়, আমরা সব অসংগতির বিরুদ্ধে কথা বলব।"

​গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আমীরে জামায়াত বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সমাজের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। এটি সততার ওপর প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও সঠিক পথে চলতে বাধ্য হয়। ​মতবিনিময়সভায় বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং ইউসুফ (ইফসু)-র মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​মতবিনিময় শেষে তিনি মম ইন কনভেনশন সেন্টারে রুকন সম্মেলনে যোগ দেন এবং বিকেলে জামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে সকালে ডা. শফিকুর রহমান ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। পরে স্থানীয় মাদ্রাসায় এক পথসভায় বক্তব্য প্রদানকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এসএ