মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মেলকারের প্রতিষ্ঠিত ‘হাসাইল জেন্টস পার্লার’ উদ্বোধন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পার্লারটির উদ্বোধন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, হাসাইল বাজারে ‘হাসাইল জেন্টস পার্লার’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মেলকার। শুক্রবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপেলো।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা অভিযোগ করে বলেন, “যেখানে দল পুনর্গঠন ও দলকে সুসংগঠিত করার কাজ চলছে, সেখানে দলের দায়িত্বশীল পদে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনে ভূমিকা রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা হতাশ হচ্ছেন।”
অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এ ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আঁতাতের বিষয়টি প্রকাশ্যে এসেছে। বিএনপি নেতাই সাবেক ছাত্রলীগ নেতাকে এলাকায় প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করছেন বলে আলোচনা চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে এম এ জামান অ্যাপেলো বলেন, “আমাদের হাসাইলের অধিকাংশ স্থানই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা ছোট একটি স্থানে বসবাস করি। সামাজিকভাবে তাই একে অপরের সঙ্গে প্রতিদিন দেখা-সাক্ষাৎ হয়। সেই সামাজিক সম্পর্কের তাগিদেই দোকানঘরটি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলাম। এতে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে—এটা আমার মাথায় ছিল না।”
ডিআর




Comments