চাঁদপুরের মতলব দক্ষিণে বাসচাপায় সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড়বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গাজীবাড়ির কাতারপ্রবাসী ইসমাইল গাজীর স্ত্রী। আহতরা হলেন—নিহতের শাশুড়ি হোসনেআরা বেগম (৫৮), স্বামীর বোন পারভীন বেগম (৪০), দেবর জিলানী গাজী (৩০) এবং নায়েরগাঁও এলাকার অটোরিকশাচালক রোমান হোসেন (৪৫)।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত হোসনেআরা বেগমের ছোট বোন নাগদা বড়বাড়ির রুহুল আমিনের মা রাজিয়া বেগম (৫০) শুক্রবার রাতে অসুস্থতাজনিত কারণে মারা যান। শনিবার সকাল ৮টায় তাঁর জানাজা ও দাফনের সময় নির্ধারিত ছিল। ভোর ৬টার দিকে বোনকে শেষ বিদায় জানাতে হোসনেআরা বেগম পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে নাগদা বড়বাড়ির দিকে যাচ্ছিলেন।
পথে নাগদা বড়বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪০৪৩। এতে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসচালক কাউছারকে আটক করেন এবং বাস চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করেন। পরে বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক কাউছারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিআর




Comments