Image description

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসায় নির্দিষ্ট গাইড বই না কেনায় ষষ্ঠ শ্রেণির ছয় শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বাঁশের বেত ও হাত দিয়ে শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। এ সময় দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ক্লাস চলাকালে বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান নির্ধারিত গাইড বই না কেনার কারণে ষষ্ঠ শ্রেণির ছয় শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের বাইরে ডেকে নিয়ে যান। সেখানে ক্ষিপ্ত হয়ে তিনি বাঁশের বেত ও হাত দিয়ে শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সহপাঠীরা তাদের মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।

ঘটনার পর শিক্ষার্থীরা বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অসুস্থ শিক্ষার্থীদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে চারজনকে বাড়িতে পাঠানো হলেও শারীরিকভাবে বেশি অসুস্থ দুই শিক্ষার্থীকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এ ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্দিষ্ট গাইড বই কিনতে বাধ্য করা এবং তা না কেনায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ডিআর