জুলাই সনদ ও তিস্তা ব্যারেজসহ ৮ দফা বাস্তবায়নে কোটি মানুষ প্রস্তুত: পরওয়ার
জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ মাঠে নামতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দলটির ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, আগামী দিনের এই লংমার্চ কর্মসূচির সময় সড়কের দুই পাশে দেশের কোটি মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করবেন। ইতোমধ্যেই লংমার্চের যাবতীয় প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
কর্মসূচি চলাকালে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেতাকর্মীদের প্রতি বিশেষ দিকনির্দেশনা দিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, লংমার্চকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোনো ধরনের উসকানি কিংবা বিশৃঙ্খলায় পা দেওয়া যাবে না।
তিনি আরও আশা প্রকাশ করেন, বিগত প্রথম লংমার্চের তুলনায় এবার দ্বিতীয় লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কয়েক গুণ বৃদ্ধি পাবে।
দীর্ঘ এ রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ পথচারী ও যাত্রীদের কিছুটা সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে আন্তরিক দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে বিশাল এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
ডিআর




Comments