চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় ধুরং খাল থেকে অনুমোদন ছাড়া উত্তোলন করে মজুত রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ফটিকছড়ির সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, নদী ও খাল থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments