Image description

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ের লেবু বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে একটি লেবু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল মাবুদ উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুফ নবীর ছেলে। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক। লেবু বাগানে কাজের পাশাপাশি পাহাড়ে চাষাবাদ করতেন।

স্থানীয়রা জানান, আবদুল মাবুদ প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, তাঁর মামা প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে গিয়ে বাগানের মধ্যে মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। পাহাড়ে পালিত মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাহাড়ে মহিষের পাল লালন-পালন করা হয়। মহিষগুলো অনেক সময় উন্মুক্তভাবে চলাফেরা করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়েছি, মহিষের আঘাতে আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এসএ