Image description

মানবতাবিরোধী অপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, "বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশেও ঢুকতে পারেন। এটি দেশের সংবিধানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে। তবে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে কী আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, সেটি সম্পূর্ণ সরকারের এখতিয়ার।"

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক ও প্রতিক্রিয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, "রাজনীতিতে এসব ঘটনা ঘটে থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, প্রতিবাদ মিছিল-মিটিং হবে কিংবা কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে—এগুলো সব রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ।"

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তব্য দেন রুমিন ফারহানা। এর প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে এবং বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে তাঁকে অবাঞ্ছিত ঘোষণার কঠোর হুঁশিয়ারি দেয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডিআর