শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন দুর্গাপূজা যেন সবাই পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাও সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, দেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই প্রত্যাশা।
ডা. শফিকুর রহমান বলেন, সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাঁদের সহযোগিতায় এগিয়ে আসবেন।




Comments