আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য: ভারত-বাংলাদেশ সম্পর্কের রূপান্তরমূলক পরিবর্তনের প্রতীক
ঢাকায় 'ট্রান্সফর্মিং ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড অ্যান্ড রিজিওনাল ইলেকট্রিসিটি মার্কেট ফর এনার্জি সিকিউর সাউথ এশিয়া' বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা | ভারতীয় হাইকমিশন
আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের রূপান্তরমূলক পরিবর্তনের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১ জুলাই) ঢাকায় 'ট্রান্সফর্মিং ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড অ্যান্ড রিজিওনাল ইলেকট্রিসিটি মার্কেট ফর এনার্জি সিকিউর সাউথ এশিয়া' বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস), সাউথ এশিয়া গ্রুপ অন এনার্জি (এসএজিই-আরআইএস) এবং ইউএসএআইডির সাউথ এশিয়া রিজিওনাল এনার্জি পার্টনারশিপ (এসএআরইপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
ভাষণে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতীয় গ্রিডের টেকসই এবং সম্মিলিত প্রকৃতি, ভারতে বিদ্যমান পাওয়ার ট্রেডিং এবং এক্সচেঞ্জের জন্য অত্যাধুনিক প্ল্যাটফর্ম প্রতিবেশী দেশগুলোকে ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের জন্য দুর্দান্ত সুযোগ করে দিয়েছে।
প্রণয় ভার্মা দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্যকে গত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের পরিবর্তনমূলক পরিবর্তনের একটি হলমার্ক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি, সত্যিকার অর্থে একটি আঞ্চলিক অর্থনীতি তৈরির দিকে পরিচালিত করেছে।
এর মধ্যে গত বছর একটি নতুন আন্তঃসীমান্ত পাইপলাইন চালু করা হয়েছে, যা ভারতীয় একটি শোধনাগার থেকে বাংলাদেশে উচ্চ-গতির ডিজেল নিয়ে আসছে। এছাড়া ক্রস-বর্ডার পাওয়ার ট্রান্সমিশন লাইন শুধু ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে না। এটি নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশেও বিদ্যুৎ পরিবহনের সুবিধা দিচ্ছে।
ভারতীয় হাইকমিশনার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, এই সফরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের দ্বারা উত্থাপিত "ভবিষ্যতের জন্য যৌথ দৃষ্টিভঙ্গি" দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক উভয় জ্বালানি বাণিজ্যে একটি নতুন প্রেরণা দিয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশই একসঙ্গে আন্তঃ-আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের বিকাশের প্রতিশ্রুতি দিয়েছে। যার মধ্যে ভারত, নেপাল এবং ভুটানে ক্লিন এনার্জি প্রকল্পগুলো থেকে ভারতীয় বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে প্রতিযোগিতামূলক-মূল্যের বিদ্যুৎ উৎপন্ন হবে।
হাই কমিশনার ভার্মা বলেন, আমাদের জ্বালানি সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশগত টেকসই উন্নয়নে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, চেয়ারম্যান, এসএজিই-আরআইএসের চেয়ারম্যান আর.ভি. শাহী এবং বাংলাদেশে ইউএসএআইডি মিশন পরিচালক রিড এশলিম্যানও বক্তব্য রাখেন।




Comments