সমুদ্রের অব্যাহত ঢেউয়ের তোড়ে ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে পর্যটন নগরী কুয়াকাটার সৈকত রক্ষা বাঁধ। ভাঙন ও সমুদ্রের রুদ্র রোষের মুখে বাঁধের সিসি (কংক্রিট) ব্লক সরে যাওয়ায় শহর রক্ষা বেড়িবাঁধটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুরক্ষা অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর বিভিন্ন অংশ সমুদ্রগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে জানা যায়, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত দীর্ঘ এলাকার অন্তত কয়েকটি পয়েন্টে সিসি ব্লকের নিচ থেকে মাটি ও বালু সরে গেছে। এতে বেড়িবাঁধের মূল কাঠামো দুর্বল হয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। বিশেষ করে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর সামনের অংশে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।
এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কেবল সিসি ব্লক দিয়ে কুয়াকাটা সৈকত দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়। আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি কার্যকর ‘গ্রোয়েন বাঁধ’ (Groyne dam) নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই বিশাল অবকাঠামো বারবার সমুদ্রের পেটে চলে যাবে।
স্থানীয় সংবাদকর্মী আনোয়ার হোসেন আনু জানান, উপকূলীয় এই পর্যটনকেন্দ্র রক্ষায় এখনই দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে সমুদ্র ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। এটি পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় জনজীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম এ বিষয়ে বলেন, “কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকার সুরক্ষায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি মেগা প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে স্থায়ী সমাধান মিলবে। তবে বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত এবং ভাঙন প্রতিরোধে আমাদের আপদকালীন বিকল্প পরিকল্পনা ও কাজ চলমান রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments