Image description

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের ঝাউবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন রাজনৈতিক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সিনিয়র নেতা মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা বিএনপি নেতা বশির আহমেদ মৃধা ও মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা আওয়ামী লীগ পুনরায় নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। অতীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও জেল-জুলুমের বিচার দাবি করে তাঁরা সতর্ক করেন যে, ভবিষ্যতে এ ধরনের চক্রান্ত করা হলে রাজপথেই তার রাজনৈতিক জবাব দেওয়া হবে।

এদিকে সমাবেশ শেষ হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা নিজ দায়িত্বে সমাবেশস্থলের যাবতীয় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার বার্তা দেন নেতৃবৃন্দ।

ডিআর