Image description

সরকারি হাসপাতালের সামনে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না—এটি সম্পূর্ণ বন্ধ। এছাড়া বর্তমানে যেসব প্রতিষ্ঠান চালু রয়েছে, সেগুলো যদি যথাযথ নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে দেওয়া হবে।”

এদিন সকাল ১০টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। তিনি চিকিৎসাসেবার মান, চিকিৎসক সংকট, রোগীদের খাবারের মান এবং ওষুধের মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করেন। হাসপাতালে ল্যাব সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের কেন বাইরের কেন্দ্রে পাঠানো হয়—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেন এবং দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরও বলেন, “আমরা চাই না চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক। বর্তমানে যে সুযোগ-সুবিধা রয়েছে, তা দিয়েই দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই গজারিয়ার এই ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।”

সাপের কামড়ে মৃত্যু প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে রোগী হাসপাতালে আনতে দেরি করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তাই সাপ দংশনের সঙ্গে সঙ্গে ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতের নানামুখী সংস্কারের জন্য কিছুটা সময় চেয়ে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআর