Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি খাস জায়গা দখলে নিয়ে পাকা বসতঘর তৈরি করে রাখায় দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হাজারো মানুষ। বছরের পর বছর ধরে চলা অবৈধ দখলের কারণে দীর্ঘদিনের একটি চলাচলের রাস্তা তৈরি করতে পারছে না প্রশাসন। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ ও নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করছে না দখলকারীরা।

জানা গেছে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর ৮ নম্বর ওয়ার্ডের অধীন চৌধুরী বাড়ি থেকে লোহার বাড়ির রাস্তাটি বিএস জরিপের ১ নম্বর খতিয়ানের ৮৮৮৮ নম্বর দাগে সরকারি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। আনুমানিক ১,২০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত সরকারি এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গ্রামবাসী, মসজিদের মুসল্লি, রোগী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি রাস্তার জমি দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করেছেন। ফলে রাস্তাটিতে স্বাভাবিক চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং নতুন করে সড়ক নির্মাণের কাজ থমকে গেছে। বছরের পর বছর এই অবৈধ দখলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরকারি রাস্তা দখলমুক্ত করতে স্থানীয়রা বারবার প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন সরেজমিন পরিদর্শন করে দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। কিন্তু প্রভাবশালী মহলের অনমনীয়তার কারণে বর্তমানেও দুর্ভোগে কাটছে হাজারো মানুষের জীবন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি সড়কটি দখলমুক্ত করা হোক এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক।

ডিআর