কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশের একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পূর্ব পাশের আবাদি খালে একটি নারীর মরদেহ ভাসতে দেখে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে খাল থেকে লাশটি ডাঙ্গা তুলে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থার পাশাপাশি মৃত্যুর মূল রহস্য উদঘাটনে গভীর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ডিআর




Comments