Image description

দিনাজপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে একটি অবৈধ দেশীয় ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন থেকে এসব অস্ত্র ও গুলিসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

আটক মাসুদ রানা সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সরস্বতীপুর এলাকার মৃত আইনউদ্দীনের ছেলে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল সরস্বতীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাসুদ রানার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর