নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জামায়াত আমিরের একটি অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, “যারা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের ভেতর বন্দী করে রাখতে চায়, তারা যদি নির্বাচনের মাধ্যমে সুযোগ পায়, তাহলে তাদের আচরণ কেমন হবে?”
তিনি অভিযোগ করেন, ওই রাজনৈতিক দল দেশের স্বার্থ বোঝে না, তারা কেবল নিজের স্বার্থই বোঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে নারীদের ঘরের মধ্যে আটকে রাখার কথা বলছে। এমনকি কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করা হয়েছে, যা উচ্চারণ করতেও তিনি লজ্জা বোধ করেন। তিনি বলেন, “আমাদের নবী করিম (সা.)-এর স্ত্রী হযরত খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। অথচ আজ নারীদের অপমান করে কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে—এটি অত্যন্ত দুঃখজনক।”
জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি বলেন, যখন চারদিক থেকে সমালোচনা শুরু হয়েছে, তখন বলা হচ্ছে আইডি হ্যাক হয়েছে। অথচ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। তার ভাষায়, “নির্বাচনের আগে নিজেদের স্বার্থে নেতা থেকে শুরু করে পুরো দলই মিথ্যা বলছে। যারা হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারে, তারা কখনোই জনদরদী বা দেশদরদী হতে পারে না।”
দেশ পুনর্গঠনে নারীদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের অপশাসনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয়।”
মানবকণ্ঠ/আরআই




Comments