Image description

বগুড়ার শেরপুরে চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর পৌর শহরের টাউন কলোনি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শোয়ার ঘরে মোবাইল ফোনটি চার্জে দিয়ে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয় এবং আগুনের ফুলকি পাশে থাকা শুকনো কাপড়ে লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর প্রতিবেশীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্ট সার্কিটের ভয়ে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি এবং বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, মোবাইল ফোন বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এর আগেই বাড়ির ভেতরের সব মালামাল পুড়ে গেছে।

মানবকণ্ঠ/ডিআর