নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ, কারচুপির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সম্মিলিতভাবে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
রংপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সভায় পুলিশ, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments