Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নিজের শরীরে গরম পানি ঢেলে দগ্ধ হওয়া ১৮ মাস বয়সী শিশু আদিবার মৃত্যু হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আদিবা উপজেলার আউটশাহী গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে আদিবাকে গোসল করানোর জন্য তার মা মুক্তা বেগম বাড়ির উঠানে ফুটন্ত গরম পানি ও ঠান্ডা পানির পাত্র রাখেন। তিনি ঘর থেকে শ্যাম্পু আনতে ভেতরে গেলে শিশু আদিবা কৌতূহলবশত ফুটন্ত গরম পানির পাত্রটি নিজের শরীরে টেনে দেয়। এতে তার শরীরের অধিকাংশ অংশ গুরুতরভাবে ঝলসে যায়।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠাতে বলেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত গরম পানিতে দগ্ধ হয়ে শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি।

মানবকণ্ঠ/ডিআর