শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের মাঠ প্রাঙ্গণে পেট্রা প্রডাকস হাইস-এর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়, যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের ভাব রঙ-তুলির মাধ্যমে প্রকাশের সুযোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকরা এবং পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু।
প্রতিযোগিতা শেষে প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন গ্রুপ থেকে মোট ৩৭ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দিতে অতিথিরা বক্তব্য রাখেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা হয়। এতে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা নিজ নিজ প্রতিভা প্রকাশের সুযোগ পায়।
পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু বলেন, শিশুদের সৃজনশীলতায় অনুপ্রেরণা দিতে এমন উদ্যোগের অংশ হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




Comments