নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ রায় দেন। রায় ঘোষণার পর আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। পরিদর্শনকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও মুদ্রণের তারিখ না থাকায় তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেন।
রায়ে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী সব ধরনের বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, তিনি রায়ে সন্তুষ্ট হলেও এখনো সব ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি। বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments