পীরগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ: দুই নেতাকে অর্থদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার খনগাঁও ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ইশফাকুল কবীর।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক শাহিন।
আদালত সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি অমান্য করা এবং ভোটারদের মাঝে গোপনে অর্থ বিতরণের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে তাঁদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন জানান, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, "নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে মাঠ প্রশাসন সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments