কুষ্টিয়ার কুমারখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন একটি ভোটকেন্দ্রের মাত্র ২০ গজ দূর থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি ঘাসক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার সংলগ্ন ওই ভোটকেন্দ্রের কাছেই স্থানীয় মতিন মাস্টারের একটি নেপিয়ার ঘাসক্ষেত রয়েছে। দুপুর ১২টার দিকে ফরিদ খান নামে এক রাজমিস্ত্রি সেখানে মুখ বাঁধা দুটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা তল্লাশি চালিয়ে ব্যাগ দুটি থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন।
ভোটের ঠিক আগমুহূর্তে কেন্দ্রের এত কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments