২০১৮ সালের নির্বাচনে ভোট দিতে না পারার অভিজ্ঞতার কথা স্মরণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এবার তিনি নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, “২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। গেট পার হয়ে ভেতরে যাওয়ার পর আমাকে বলা হয়, আমার ভোট দেওয়া হয়ে গেছে। এ কথা শুনে আমি ফিরে যাই।” তিনি জানান, ২০১৬ সালে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি মিন্টো রোডে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “তবে এবার আমি ভোট দিতে পেরেছি। অন্যরাও নির্বিঘ্নে নিজের ইচ্ছামতো ভোট দিচ্ছেন।”
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে মন্তব্য করেন তিনি। “অনেকেই বলছিলেন ভোট হবে না বা নানা সমস্যা হবে। কিন্তু আজ আপনারাই দেখছেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো শঙ্কা নেই,” বলেন কমিশনার।
প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সে দিকেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও জানান, সকাল থেকে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সুষ্ঠুভাবে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments