Image description

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে দুই বন্ধু আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুবেল হোসেন (২২) নামের এক যুবকের মুখমণ্ডল ও দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন।

মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই যুবক মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম খেলছিলেন। একপর্যায়ে বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এতে তাঁরা দুজনই আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। বিশেষ করে চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে রুবেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর আহত যুবক শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, মোবাইলে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনা করেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুই যুবক ফোন চার্জে দিয়ে সেটি ব্যবহার করছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল ফোনটি কী কারণে বা কোন ত্রুটির ফলে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এনএ