Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। অর্থাৎ ৫৩ হাজার ২৬৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পর আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণে আমি সচেষ্ট থাকব।"

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১১টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পাশাপাশি জামায়াত সমর্থিত জোটের (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর