রাজধানীর অন্যতম আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই আসনের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রাপ্ত ফলাফলে মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি নেতা মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, ১০৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হলেও এখনো একটি কেন্দ্রের ফলাফল এবং পোস্টাল ব্যালটের ভোট গণনা বাকি রয়েছে। ওই একটি কেন্দ্রের ফলাফল এবং পোস্টাল ভোট যোগ হওয়ার পরই চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
রাজধানীর কেন্দ্রস্থলের এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এখন সবার নজর বাকি থাকা ওই এক কেন্দ্রের ফলাফলের দিকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments