বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে কর্মস্থলে যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ঢালাই মিস্ত্রি ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। দেড় বছর আগে বোনের বিয়ে হয়ে যাওয়ার পরও তনয়ের হয়রানি বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদ করায় ছয় মাস আগে ফাহিমের দুলাভাই সেঁতুকে ছুরিকাঘাত করে তনয়। ওই সময় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসলে সেখানেও ফাহিম ও তার ভাই শাহীনকে ছুরিকাঘাত করেছিল ওই বখাটে।
নিহতের পরিবারের অভিযোগ, আগের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় তাকে একা পেয়ে বুকে ও পিঠে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তনয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তনয়কে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।’ বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments