ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে বরিশালের উজিরপুরে তিন বিএনপি নেতাকে দলের সকল পদ-পদবিসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ না করে উল্টো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত নেতারা হলেন— উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন কঠোর অবস্থান তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments