বগুড়ার শিবগঞ্জে ইটবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ রানা (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত মাসুদ রানা রংপুর জেলার হারাগাছ থানার বাসিন্দা। তিনি বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মাসুদ রানা দিনাজপুরে একটি মামলার সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থল কালিয়াকৈরে ফিরছিলেন। পথে মোকামতলার মুরাদপুর এলাকায় অবস্থিত ‘মীর এন্ড রুবেল ফিলিং স্টেশনে’ তেল নেওয়ার জন্য মোটরসাইকেলটি ঘুরাচ্ছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গনেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। স্থানীয়দের সহায়তায় আহত মাসুদ রানাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments