Image description

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকামুখী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার কিছুক্ষণ পরই এর মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্টেশন মাস্টার আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন সচল করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ এই বিঘ্ন ঘটায় ঢাকামুখী বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন।

মানবকণ্ঠ/ডিআর