সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে কর্মকর্তাদের ভূমিমন্ত্রীর নির্দেশ
প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী বলেন, “আমি রাজশাহীর সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত, তাই সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইন সবার জন্য সমান। এমনকি আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনগণের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। মানুষ যেন প্রশাসনের কাছে কাঙ্ক্ষিত ন্যায়বিচার ও দ্রুত সেবা পায়, সেটি নিশ্চিত করা জরুরি।
আসন্ন রমজান মাস উপলক্ষে বিশেষ প্রস্তুতির নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তিনি কঠোর হওয়ার আহ্বান জানান।
দেশের উন্নয়ন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে চলবে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments