জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠন নিয়ে সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।
ফেসবুক পোস্টে মাসউদ জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক বাস্তবতার নিরিখে একটি আত্মসমালোচনা করা। তিনি লেখেন, "আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে নির্বাচন করব। ৩০০ আসনে লড়াই করে যদি আমরা ৬টি আসনও পেতাম, তবে সেটি বেশি সম্মানজনক হতো। কিন্তু সে সময় রাজনৈতিক পরিবেশ অনুকূলে ছিল না।"
জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি বলিনি যে জামায়াতের সঙ্গে জোট করা ভুল ছিল। বরং পরিবেশ ও সময়ের প্রয়োজনে আমরা সেই জোটে যেতে বাধ্য হয়েছিলাম। তবে জোটে না গেলে হয়তো আরও ভালো হতো।"
তার বক্তব্য বিকৃত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "আমি বলেছিলাম জোট না হলে এনসিপি হয়তো এককভাবে ৩-৪টি আসন পেত। কিন্তু কিছু সংবাদমাধ্যম ও ব্যক্তি প্রচার করছে যে আমি বলেছি—জোট না করলে আমরা আরও ৩-৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্যের অর্থ সম্পূর্ণ ভিন্ন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।"
পরিশেষে তিনি সবাইকে অনুরোধ জানান, তার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে যেন সম্পূর্ণ প্রেক্ষাপট ও মূল ভাষ্য বিবেচনা করা হয়। তিনি স্পষ্ট করেন যে, তার এই বক্তব্য কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং কেবল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য ছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments