গলাচিপায় খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুর থেকে পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে শুরু হয়ে কলেজপাড়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জনস্বার্থে খালের পানিপ্রবাহ ও সেচব্যবস্থা সচল করার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক। তিনি জানান, খালের দুই পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। কাউকে খালের জায়গা দখল করে থাকতে দেওয়া হবে না।
প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি ও জনস্বার্থে গলাচিপা-উলানিয়া রুটের ৮ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন ও সংস্কারের বড় উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এরই অংশ হিসেবে বর্তমানে পৌরসভার থানা সংলগ্ন এলাকায় একটি দুই কপাটের স্লুইস গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত সীমানার মধ্যে থাকা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি সংস্কার হলে এলাকায় কৃষিকাজে পানির সংকট দূর হবে এবং বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments