জৈন্তাপুরে অবৈধ পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে সংগৃহীত পাথর মজুত ও ক্রাশিংয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কদমখাল ও ৪ নম্বর বাংলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কদমখাল ও বাংলা বাজার এলাকায় অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এতে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবেশ বিপন্ন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় দুটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, "পাহাড় ও টিলা কেটে পাথর উত্তোলন এবং অবৈধ ক্রাশিংয়ের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।"
মানবকণ্ঠ/ডিআর




Comments