এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির এই সময়ে বরিশাল শিক্ষা বোর্ডের একটি নজিরবিহীন ভুলের কারণে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী। বোর্ডের অধীনে ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গের (Gender) জায়গায় ভুলক্রমে ‘ফিমেল’ বা ‘নারী’ লেখা হয়েছে। এর ফলে পড়ালেখা ছেড়ে ভুল সংশোধনের জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা এখন কলেজ ও শিক্ষা বোর্ডে দৌড়ঝাঁপ করছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে প্রায় ৪৬ শতাংশ বা ৩৮ হাজার ছাত্রের কার্ডে এই লিঙ্গ বিভ্রাট ঘটেছে। ঝালকাঠিসহ দুটি জেলায় প্রথম এই ত্রুটিপূর্ণ কার্ডগুলো বিতরণ করার সময় বিষয়টি নজরে আসে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম এই অনাকাঙ্ক্ষিত ভুলের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মূলত কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের ত্রুটি এবং ডাটা এন্ট্রি অপারেটরের অসাবধানতার কারণে এই বড় ধরনের ভুলটি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘ভুলটি পরীক্ষার আগেই ধরা পড়ায় সমাধানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা বিনা খরচে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে এই রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করিয়ে নিতে পারছে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে বোর্ডে আসার প্রয়োজন নেই এবং কোনো ধরনের হয়রানির সুযোগ রাখা হয়নি।’
আগামী জুন মাসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে গত রবিবার থেকে রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ দাবি করছে, এটি একটি কারিগরি ত্রুটি এবং দ্রুতই সব কার্ড সংশোধন করে পুনরায় বিতরণ করা হবে। তবে পরীক্ষার আগ মুহূর্তে এমন বড় ধরনের ভুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments