Image description

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান। তেহরান এই হামলাকে ইসরায়েলের একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে আখ্যায়িত করেছে।

ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, আরামকোর ওপর এই হামলাটি ছিল পরিকল্পিতভাবে চালানো ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একটি চাল। এর মূল উদ্দেশ্য হলো—ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইসরায়েল যে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করা।

তাসনিম নিউজকে ওই সামরিক সূত্রটি বলেন, “ইরান ইতোমধ্যেই স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে কেবল মার্কিন ও ইসরায়েলি স্বার্থ এবং স্থাপনাগুলোকে নিশানা করবে। এ পর্যন্ত এমন অনেকগুলো লক্ষ্যবস্তুতে আমরা সফলভাবে হামলা চালিয়েছি। তবে আরামকোর তেল স্থাপনাগুলো কখনোই ইরানের হামলার তালিকায় ছিল না।”

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী ছদ্মবেশী অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আরামকো কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই