শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে ইরানের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) জাহাজটি থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে অন্তত ৩০ জন নৌসেনাকে জীবিত উদ্ধার করেছে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারী দল বেশ কিছু নৌসেনাকে প্রাণে রক্ষা করতে সক্ষম হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, ১৮০ জন ক্রু বহনকারী এই জাহাজটির আহত নৌসেনাদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত জাহাজটিকে ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’ হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জাহাজটি শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি অবস্থানকালে বিপদের মুখে পড়ে সাহায্য চেয়ে বার্তা পাঠায়। তবে ঠিক কী কারণে জাহাজটি ডুবতে শুরু করেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার কারণে এই ঘটনাকে আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে অনেকে এটিকে কারিগরি ত্রুটি হিসেবে দেখলেও, বিশেষজ্ঞরা অন্তর্ঘাতমূলক হামলার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।
বর্তমানে নিখোঁজ বাকি নৌসেনাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। জাহাজটি বর্তমানে কী অবস্থায় আছে বা পুরোপুরি ডুবে গেছে কি না, তা নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
মানবকণ্ঠ/আরআই




Comments