ঈশ্বরদীতে ছিনতাইকালে ধাওয়া খেয়ে পিস্তল ও অস্ত্র ফেলে পালালো দুর্বৃত্তরা
পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক বিকাশ এজেন্টের চোখে স্প্রে মেরে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল ও মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম রতন (৪২) ওই গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি উপজেলার আইকে রোডের সাকড়েগাড়ী মোড় এলাকায় বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে রফিকুল ইসলাম রতন তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা দুই ছিনতাইকারী একটি মোটরসাইকেলে তার পিছু নেয়। রতন বাড়ির প্রধান ফটকে পৌঁছানো মাত্রই ছিনতাইকারীরা তার চোখে ঝাঁজালো স্প্রে নিক্ষেপ করে। যন্ত্রণায় তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার কাছ থেকে দেড় লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় রতনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত বাড়ি থেকে বের হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজনের শরীরের জ্যাকেট খুলে যায় এবং তারা টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা ওই জ্যাকেট তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments