আসন্ন বগুড়া-৬ (সদর) এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে কোনো গণভোটের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সকল গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইসি সচিব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনের সময় টানা আট দিন আনসার সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেনাবাহিনী ও বিজিবি দায়িত্ব পালন করবে। এবারের নির্বাচনে জালিয়াতি রোধে প্রযুক্তির বিশেষ ব্যবহার করা হবে। বিশেষ করে ‘বডি-ওর্ন ক্যামেরা’ এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর ব্যবহার বাড়ানো হবে। প্রতিটি কেন্দ্রের ভিডিও ফুটেজও ভবিষ্যতে পর্যালোচনার জন্য সংরক্ষণ করা হবে।
আখতার আহমেদ জানান, এই উপনির্বাচনে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসীদের জন্য ‘ওসিবি’ পোস্টাল ব্যালট আগামীকাল থেকেই পাঠানো শুরু হবে। অন্যদিকে, দেশের ভেতরে থাকা ভোটারদের জন্য ‘আইসিবি’ পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চ থেকে।
ইসি সচিব বলেন, "এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কমিশন আত্মতুষ্ট নয়, বরং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।" রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আপিল জমা পড়েনি বলেও তিনি উল্লেখ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী:
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৪ মার্চ।
প্রতীক বরাদ্দ: ১৫ মার্চ।
ভোটগ্রহণ: ৯ এপ্রিল (সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত)।
অল্প সংখ্যক কেন্দ্র হওয়ায় (বগুড়ায় ১৫০টি ও শেরপুরে ২৮টি) ভোটের ফলাফল দ্রুত প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মানবকণ্ঠ/আরআই




Comments